
নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের পূর্ব ঘোষিত কর্মসূচীতে সরাসরি বাঁধাদানের অভিযোগ উঠেছে। বাঁশ পুতে চর দখলের মতো স্বেচ্ছাসেবক লীগের সভাস্থল দখল করেছেন সাংসদ শিমুল, এমন অভিযোগ এনে প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
শনিবার(১৪ই আগস্ট) দুপুরে শহরের কানাইখালিস্থ একটি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সাংসদ শিমুলের বিরুদ্ধে এসব অভিযোগ করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।
সাংসদ শিমুলের বিরুদ্ধে অভিযোগ
লিখিত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন বলেন, ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষ্যে কর্মসূচী ঘোষণা করে স্বেচ্ছাসেবক লীগ। এই কর্মসূচী সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে ১০ই আগস্ট পুলিশ সুপার, পুলিশের বিশেষ শাখা, জেলা প্রশাসক ও রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়। কর্মসূচীর মঞ্চ তৈরীর জন্য স্থানীয় এক ডেকোরেটরের সাথেও চুক্তি করা হয়। মঞ্চ তৈরী করতে গেলে ওইদিন বিকেলে দেখি সেখানে কে বা কারা বাঁশ ফেলে গেছে। পরদিন ১১ই আগস্ট রাতে সাংসদ শফিকুল ইসলাম শিমুল নিজে সভাস্থলে উপস্থিত থেকে সেখানে পাল্টা কর্মসূচী গ্রহণের নির্দেশ দেন।
সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ থাকলে সাংসদ শফিকুল ইসলাম শিমুল শোকের এই কর্মসূচীতে কোনভাবেই বাঁধা দিতেন না বরং সহযোগিতা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত একজন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো দায়িত্বশীল পদে থেকে ন্যাক্কারজনক ও অসাংগঠনিক এমন কর্মকান্ডের নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিয়ন হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মনোয়ার হোসেন মুনসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবী সাংসদ শিমুলের
এদিকে, সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে শোক দিবসের কর্মসূচীতে বাঁধাদানের অভিযোগকে অসত্য দাবী করেছেন জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, শোক দিবস নিয়েও দলের কতিপয় নেতা সাংসদ শিমুলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে। অনেক আগে থেকেই পুরাতন বাসস্ট্যান্ডে শোক দিবেসর কর্মসূচী পালন করা হয়। অন্তত শোকের কর্মসূচী নিয়ে বিতর্ক সৃষ্টি না করতে তাদের অনুরোধ করছি। শোক দিবস নিয়ে মিথ্যাচার মেনে নেয়া হবে না।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, দলের তিনজন নেতা পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক লীগকে ব্যবহার করে শোক দিবসের দিন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘ রীতি মেনে শোক দিবসের দিন দলীয় কার্যালয়ে পুষ্পস্তবক অর্পণের পর শহরের মূল পয়েন্টেই খাবার বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এবারো মঞ্চ তৈরি করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের অনেক আগেই ওই স্থানে কর্মসূচী পালনের জন্য জেলা আওয়ামী লীগ পুলিশ ও প্রশাসনকে অবহিত করেছে। কারো কর্মসূচী বানচাল করছে না আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ রোববার পৌর ও ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে খাবার বিতরণ করবে।
পৃথক কর্মসূচীর পক্ষে যা বললেন চেয়ারম্যান রমজান
অপরদিকে, শনিবার সকাল থেকে সাংসদ শিমুলের অনুষ্ঠান মঞ্চের প্যান্ডেলের গা ঘেষে আরকেটি প্যান্ডেল তৈরীর কাজ শুরু করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
তিনি বলেন, সাংসদ শিমুলের ঘনিষ্ঠজন ছাড়া কেউ দলীয় কার্যালয়ে কর্মসূচী পালনের জন্য যেতে পারেন না। অনেক ত্যাগী নেতাকর্মী আছেন যাদের কথা বিবেচনা করে আমার ব্যক্তিগত কার্যালয়ের নিচে শোক দিবসের কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচী পালন করবো। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
এদিকে, একই স্থানে সাংসদ ও উপজেলা চেয়ারম্যান গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত। শোক দিবসের দিন কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।
পুলিশের বক্তব্য
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করি। এখানে অপ্রীতিকর কিছু ঘটবে না বলে আমরা এখনও বিশ্বাস করি। তবুও পাশাপাশি দুইটি কর্মসূচী হওয়ায় পুলিশ পুরো বিষয়টি পর্যবেক্ষণে রাখবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply