
নাটোরের সিংড়া উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে চুরির অপবাদ নিয়ে ফিরে যেতে হলো এক যুবককে। শুধু অপবাদই নয়, গরু চুরির চেষ্টার অভিযোগ এনে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
গত রোববার রাতে উপজেলার দুর্গম ইটালী ইউনিয়নের (ইউপি) বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। পিটুনিতে আহত যুবক এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটায় ইটালী গ্রামের আবু তাহেরের ছেলে আবদুল মতিন (৩০) পাশের বিষ্ণুপুর গ্রামে প্রেমিকার সঙ্গে তাঁর বাবার গোয়ালঘরে দেখা করতে যান। ঘটনাটি দেখে ফেলেন বাড়ির লোকজন। ক্ষিপ্ত হয়ে তাঁরা গরু চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
পরে তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করতে যান। কিন্তু পুলিশ স্থানীয় লোকজনের মাধ্যমে প্রকৃত বিষয় জানতে পেরে আহত আবদুল মতিনকে গ্রেপ্তার করতে রাজি হয়নি। বাধ্য হয়ে ওই তরুণীর পরিবারের লোকজন তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
আহত যুবকের বড় ভাই আবদুল মজিদ বলেন, তাঁর ভাই নিরীহ মানুষ। তিনি সরল বিশ্বাসে ওই তরুণীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এ অপরাধে তাঁকে গরু চুরির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। অভিযুক্ত তরুণীর পরিবারের সদস্য ও ইটালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল আলী বলেন, গরু চুরি করার সময় ওই যুবককে ধরে জনতা গণধোলাই দিয়েছে। এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, ‘আবদুল মতিনের সঙ্গে ওই বাড়ির এক মেয়ের সম্পর্ক ছিল বলে শুনেছি। তাঁর সঙ্গে দেখা করতে এলে এ ঘটনা ঘটে। প্রকৃত বিষয় পুলিশ তদন্ত করে বের করুক।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গরু চুরি নয়, এখন সেখানে অন্য কিছু শোনা যাচ্ছে। উভয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে বলে জানান তিনি।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply