
নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশত বক পাখি উদ্ধার, ৩০টি পাখি শিকার ফাঁদ ধ্বংস এবং ৬শিকারীকে আটক করেছে পরিবেশ কর্মীরা।
গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সকালে সিংড়া উপজেলার গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিলে অভিযান পরিচালনা করে। এসময় ধানক্ষেতে কলা ও খেজুর পাতার তৈরি পাখি শিকারের ৩০টি কিল্লা ঘরের সন্ধান পায় তারা। পরে সে সব ঘর থেকে অর্ধশত বকপাখি উদ্ধার করা হয়। আর ধ্বংস করা হয় ৩০টি পাখি শিকারীর ফাঁদ। আটক করা হয় ৬জন পাখি শিকারীকে।
পরে আটক পাখি শিকারীদের ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করে তারা। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান বণ্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ আইনে পাখি শিকারীদের সাত হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেখা নিয়ে ছেড়ে দেন।
পরে চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনীতে উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী কুরবান আলী প্রমূখ।
উল্লেখ্য, এরআগে গত ২ অক্টোবর চলনবিলে শিকারীর হাত থেকে ১৫টি বক পাখি উদ্ধার করা হয়। এসময় সিংড়ার কলম মির্জাপুর গ্রামে ধানক্ষেতে পেতে রাখা দু’টি খেজুর পাতার ঘরের ফাঁদসহ ১৫টি বকপাখি উদ্ধার করে স্থানীয় পরিবেশ কর্মীরা। পরে পাখিগুলোকে কলম ডিগ্রি কলেজ মাঠে অবমুক্ত করা হয়।
পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বন্যার পানি নামার সাথে সাথে চলনবিলের সিংড়ায় তৎপর হয়ে উঠেছে পাখি শিকারীরা। ধান ক্ষেত সহ বিভিন্ন স্থানে ফাঁদ পেতে শিকার করছে দেশীয় প্রজাতির বক সহ বিভিন্ন অতিথি পাখি। নিয়মিত অভিযানের পরও পাখি শিকার থামছেনা। আমরা শিকার বন্ধে লিফলেট বন্ধ সহ বিভিন্ন প্রচারনা চালিয়ে যাচ্ছি।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply