
নাটোরের সিংড়ায় বৃদ্ধ কৃষককে গাছে বেঁধে পিটিয়েছেন এক ইউপি সদস্য। অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী ইটালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।
রোববার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদ আলী (৬০) ও বেলায়েত হোসেন (৭০) শালমারা-বাঁশবাড়িয়া মাঠে গরু চড়াতে যায়। হঠাৎ গরুগুলো ইউপি সদস্য মকলেছ আলীর জমির ধান খেয়ে নষ্ট করে। খবর পেয়ে ইউপি সদস্য কৃষক বেলায়েত হোসেনকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন। এ সময় অপর কৃষক শাহাদ আলীকে গাছের ডাল দিয়ে মারপিট করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাদেরকে ছেড়ে দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, আমার জমি নষ্ট করায় কয়েকটি গরু বেঁধে রেখেছিলাম। পরে গরুগুলো ছেড়ে দেয়া হয়েছে।
এ সময় এককজন কৃষককে গাছের ডাল দিয়ে মেরেছেন বলে স্বীকার করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: কুরবান আলী বলেন, ঘটনাটি জানার পর মকলেছ মেম্বারের মুঠোফোনে ফোন করে অনুরোধ করি। তারপর তাদের ছেড়ে দেয়া হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানান পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
(dailynayadiganta)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply