
যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ফাইজারের টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসছে। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় এসব টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম প্রধান জনকণ্ঠকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবে টিকা গ্রহণ করতে।
এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে। ওই ৬০ লাখ টিকার অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বাকি টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানান তিনি।
এর আগে ২৭ মে জরুরী ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। ২১ জুন সকাল থেকে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচী শুরু হয়। এর আগে ৩১ মে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply